নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল ও জনতার দল: ইসি

টানা ১২৫ ঘণ্টার অনশন শেষে নির্বাচনী রাজনীতির মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে নিবন্ধন পেতে যাচ্ছে ‘জনতার দল’।

Dec 4, 2025 - 16:59
 0  3
নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল ও জনতার দল: ইসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

টানা ১২৫ ঘণ্টার অনশন শেষে নির্বাচনী রাজনীতির মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে নিবন্ধন পেতে যাচ্ছে ‘জনতার দল’। পুনঃতদন্তের পর এই দুই দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক কর্মশালায় তিনি বলেন, পুনরায় তদন্তে জেলা ও উপজেলা পর্যায়ে দল দুটির কার্যালয় ও কার্যক্রমের অস্তিত্ব পাওয়া গেছে। শর্ত পূরণ করায় আমজনতার দল এবং জনতার দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, দল দুটি নিয়ে কারও আপত্তি থাকলে তা জানানোর জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এসময় তফসিল ঘোষণা ও জাতীয় নির্বাচনের অন্যান্য বিষয়ে আলোচনা করার জন্য ১০ বা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ চেয়ে ইসির পক্ষ থেকে বঙ্গভবনে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান আখতার আহমেদ।

প্রবাসী ভোটের বিষয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গণনা পদ্ধতি নিয়ে যে সংশোধনী ছিল, তা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। কোন কোন ব্যালট বাতিল হবে এবং গণনা কীভাবে হবে—সে বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এমবি এইচআর