এভারকেয়ার থেকে মায়ের বাসায় পৌঁছালেন ডা. জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে ফিরে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে পরে ধানমণ্ডিতে তার মায়ের বাসায় পৌঁছেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে ফিরে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে পরে ধানমণ্ডিতে তার মায়ের বাসায় পৌঁছেছেন। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থেকেই তিনি সরাসরি হাসপাতালে যান।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা অভিমুখে যাত্রা করেন। দেশে ফিরে প্রথমেই তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেছে। বিএনপি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সটি পৌঁছাতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাতে পারে। চিকিৎসকদের অনুমতি ও খালেদা জিয়ার শারীরিক অবস্থা উপযুক্ত হলে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হতে পারে।
বিএনপির পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর নয়াপল্টনসহ সারাদেশে দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষ এসব দোয়ায় অংশ নেন। নয়াপল্টনের দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববারই লন্ডনে নেওয়া হতে পারে চেয়ারপারসনকে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।
এমবি এইচআর

