খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসছে। কাতার থেকে পাঠানোর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিশেষ বিমানটি আসতে পারছে না বলে জানা গেছে।

Dec 5, 2025 - 18:32
 0  3
খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসছে। কাতার থেকে পাঠানোর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিশেষ বিমানটি আসতে পারছে না বলে জানা গেছে। এর পরিবর্তে কাতার সরকারের উদ্যোগে জার্মানির একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানিয়েছেন, কাতার সরকার নিজ উদ্যোগে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করেছে, যা জার্মানি থেকে ঢাকায় পৌঁছাবে। শনিবার বিকেলে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে শুক্রবার বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার কথা থাকলেও বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স দেশে না পৌঁছানোয় সেই পরিকল্পনা পিছিয়ে যায়। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত অ্যাম্বুল্যান্স শুক্রবার আসছে না।

সবকিছু ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় পৌঁছানোর পর, বেগম জিয়ার শারীরিক অবস্থা উপযুক্ত থাকলে এবং মেডিক্যাল বোর্ডের সম্মতি মিললে রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে।

আজ শুক্রবার জুমার নামাজের পর খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স এলে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না, সেটা চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন।”

এমবি এইচআর