খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

Dec 6, 2025 - 21:14
 0  2
খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যে ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্টের কারণে বিমানবন্দরের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নির্ধারিত হলে সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে বলেও জানান তিনি।

এদিকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনই বিমান ভ্রমণের উপযোগী নয়। ফলে তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।
তিনি আরও জানান, শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সের কারিগরি ত্রুটিও বিলম্বের একটি কারণ ছিল। তবে মূলত মেডিক্যাল বোর্ডই জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে—এই অবস্থায় খালেদা জিয়ার উড়োজাহাজে ওঠা নিরাপদ হবে না। তাই বিদেশে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। ভবিষ্যতেও তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে কখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে।

এমবি এইচআর