‘বাঁকা চোখে দেখবেন না, আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম’—চাঁদপুর জেলা জামায়াত আমির বিল্লাল হোসেন

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, তাকে যেন কেউ বাঁকা চোখে না দেখে; কারণ তিনিও ছিলেন সহযোগী মুক্তিযোদ্ধা। চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Dec 9, 2025 - 12:10
 0  3
‘বাঁকা চোখে দেখবেন না, আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম’—চাঁদপুর জেলা জামায়াত আমির বিল্লাল হোসেন
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, তাকে যেন কেউ বাঁকা চোখে না দেখে; কারণ তিনিও ছিলেন সহযোগী মুক্তিযোদ্ধা। চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিল্লাল হোসেন মিয়াজী জানান, ১৯৭১ সালে তিনি ক্লাস ফোরে পড়ার সময় এলাকায় অন্যান্য ছোট ছেলেদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের জন্য চাল–ডাল সংগ্রহ করতেন এবং খাবার পৌঁছে দিতেন। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও তাদের প্রতি সমাজের কিছু মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’-এর পাদদেশে গিয়ে শেষ হয়।

এরপর সরকারি ও বেসরকারি সংস্থা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে অনুষ্ঠিত হয় শহীদ ও তাঁদের পরিবারের জন্য দোয়া মাহফিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এমবি এইচআর