এনসিপির প্রার্থী হলেন সাবেক বিএনপি প্রতিমন্ত্রী মনজুর কাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপের জন্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের।

Dec 10, 2025 - 17:28
 0  3
এনসিপির প্রার্থী হলেন সাবেক বিএনপি প্রতিমন্ত্রী মনজুর কাদের
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপের জন্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের। দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপির প্রভাবশালী এই নেতাকে মনোনয়ন দিয়ে এনসিপি রাজনৈতিক অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে।

বুধবার বেলা ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫টি আসনের জন্য দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। সিরাজগঞ্জের চারটি আসনেও প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজকে প্রার্থী করা হয়েছে।

মনজুর কাদের ২০০১ সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ওই আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে তিনি সিরাজগঞ্জ-৫ থেকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মাত্র ২৫৫ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের নেতা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে পরাজিত হন।

এবারও তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পান রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। মনোনয়ন না পেলেও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন মনজুর কাদের। শেষ পর্যন্ত এনসিপিই তাঁকে মনোনয়ন প্রদান করে নতুন সমীকরণ তৈরি করল।

মনোনয়ন পাওয়ার পর এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সামাজিক মাধ্যমে মনজুর কাদেরকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, তিনিও এই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এমবি এইচআর