নির্বাচন সামনে রেখে সহিংসতার শঙ্কা, সতর্কবার্তা মির্জা ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, তখনই নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, তখনই নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তিনি বলেন, সম্প্রতি একটি হত্যাচেষ্টা হয়েছে এবং এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে বিএনপি আশঙ্কা করছে।
রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি যে, এইরকম আরও ঘটনা ঘটতে পারে।”
শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ বহু বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করে। এর মাধ্যমে জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত গণহত্যা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই দিনে জাতি বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
এ সময় তিনি আরও জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা শপথ গ্রহণ করেছেন—যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া হবে।
এমবি এইচআর

