স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Dec 16, 2025 - 15:18
 0  2
স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে। একই সঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, ১৬ ডিসেম্বর সেই যুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। এ কারণেই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা শপথ নেন—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখবেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানাই। আল্লাহর কাছে প্রার্থনা করছি—গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়াকে যেন তিনি সুস্থতা দান করেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। তাঁর এই প্রত্যাবর্তন যেন গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর