হাদির জনপ্রিয়তাই তার মৃত্যুর কারণ: জামায়াত আমির
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কেউ কেউ সহ্য করতে পারেনি। সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কেউ কেউ সহ্য করতে পারেনি। সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে হত্যা করা যায় না; বরং তা আরও ছড়িয়ে পড়ে।”
রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “চব্বিশের জুলাইয়ের আপনজন ছিলেন শরীফ ওসমান বিন হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা নিজেদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের কথা বলতেন। কোটি তরুণের হৃদয়ে তিনি দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “বর্তমানে সরকার যা করছে, তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় ডা. শফিকুর রহমান আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমবি এইচআর

