আওয়ামী লীগের ৯ নেতার একযোগে পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ জন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পদত্যাগকারী নেতারা হলেন— খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ এবং ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস।
এ ছাড়া খান্দারপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. ইমারত খোন্দকার, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোক্তার ফকিরও পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ জানান, তারা খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও দায়িত্ব থেকে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার থেকেই তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
এমবি এইচআর