গণমাধ্যমে হামলা করে নির্বাচন ব্যাহত করা যাবে না : নাসির উদ্দিন

গণমাধ্যমে হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, গণমাধ্যমে হামলা করে কখনো সত্যের কণ্ঠরোধ করা যায় না।

Dec 24, 2025 - 11:39
 0  2
গণমাধ্যমে হামলা করে নির্বাচন ব্যাহত করা যাবে না : নাসির উদ্দিন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গণমাধ্যমে হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, গণমাধ্যমে হামলা করে কখনো সত্যের কণ্ঠরোধ করা যায় না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, ‘ওসমান হাদিকে হত্যার পর একটি শ্রেণির রাজনৈতিক কর্মী দেশের শীর্ষ গণমাধ্যমে হামলা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। একই সঙ্গে তারা নির্বাচন যেন না হয়, সে উদ্দেশ্যেই এই সহিংসতা চালিয়েছে। কিন্তু গণমাধ্যমে হামলা করে কখনো কণ্ঠরোধ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘অতীতেও প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম হামলার শিকার হয়েছে। তখনও ওসমান হাদি বলেছিলেন—গণমাধ্যমে হামলা কোনো সমাধান নয়।’

এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নাসির উদ্দিন আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় উপস্থিত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা এনায়েত উল্যাহ বাবুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলায় সদর উপজেলা দলকে হারিয়ে সুবর্ণচর উপজেলা দল বিজয়ী হয়।

এমবি এইচআর