মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র লড়াই ঘোষণা করলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি মনোনয়ন না দেয়ায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

Dec 24, 2025 - 16:04
 0  3
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র লড়াই ঘোষণা করলেন রুমিন ফারহানা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি মনোনয়ন না দেয়ায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দলীয় মনোনয়ন দেন। বিষয়টি সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার নিশ্চিত করেন।

মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা বুধবার (২৪ ডিসেম্বর) সরাইল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার পক্ষে আলী হোসেন নামের একজন কর্মী ফরম গ্রহণ করেন।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ব্যক্তিগত দিক থেকে মনোনয়নে সন্তুষ্ট না হলেও দলের সিদ্ধান্তকে সম্মান জানান এবং বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়।”

অন্যদিকে, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার রয়েছেন প্রায় ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯ ইউনিয়নে ভোটার দুই লাখ ৮৮ হাজার ৬০৯ জন, আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে এক লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং বিজয়নগর উপজেলার ২ ইউনিয়নে ভোটার ৫৭ হাজার ৭৪০ জন রয়েছেন।

এমবি এইচআর