ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আখতারুজ্জামান বাচ্চু বিএনপির প্রার্থী
জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। ধানের শীষ প্রতীকে আগামী নির্বাচনে তিনি গফরগাঁও থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে তার প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে। দলীয় নথিতে উল্লেখ করা হয়েছে, গফরগাঁও-এটওয়ারিয়া নির্বাচনী এলাকায় (ময়মনসিংহ-১০) মোহাম্মদ আখতারুজ্জামানের মনোনয়ন অনুমোদন করা হয়েছে।
দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা জানান, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আখতারুজ্জামান বাচ্চু আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় দল তার প্রতি আস্থা প্রকাশ করেছে।
মনোনয়ন পাওয়ার পর আখতারুজ্জামান বাচ্চু বলেন, “গফরগাঁওবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব। ধানের শীষের বিজয়ের জন্য সব নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।”
মনোনয়ন ঘোষণার পর গফরগাঁওয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং শিগগিরই নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি চলছে।
এমবি এইচআর

