এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগের ঘোষণা দিয়ে তাসনুভা জাবিন লেখেন, অত্যন্ত ভাঙা মন নিয়ে তিনি জানাচ্ছেন যে এনসিপি থেকে পদত্যাগের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারছেন না। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে পরিবার ও সমর্থকদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তে অনেকেই কষ্ট পেয়েছেন—এ বিষয়টি তিনি গভীরভাবে উপলব্ধি করছেন। তবে নিজের আত্মসম্মানবোধ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তই তার জন্য সঠিক বলে মনে করছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নির্বাচন উপলক্ষে তার মা চট্টগ্রাম থেকে ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই দিনেই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে—যা তার জন্য সবচেয়ে কষ্টের বিষয়।
নির্বাচনী তহবিলে পাওয়া ডোনেশন ফেরত দেওয়ার ঘোষণাও দেন তাসনুভা জাবিন। তিনি বলেন, সমর্থকদের পাঠানো প্রতিটি অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে এবং এ বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া পরে জানানো হবে। “প্রত্যেকটা পয়সা ফেরত দেব,”—এমন আশ্বাস দিয়ে তিনি সমর্থন ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে কখনো প্রাতিষ্ঠানিক রাজনীতিতে যুক্ত না থাকলেও জুলাই মাসে পরিবর্তনের লক্ষ্যে রাজপথে নেমেছিলেন। নির্বাচনে অংশ নিতে না পারলেও দেশের গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে তার কণ্ঠ আরও জোরালোভাবে উচ্চারিত হবে বলে জানান তিনি। একই সঙ্গে ‘মধ্যপন্থী বাংলাদেশপন্থী নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ যে জায়গাটি শূন্য পড়ে আছে, সেটি পূরণ করার চেষ্টায় তিনি সক্রিয় থাকবেন বলেও উল্লেখ করেন।
এনসিপির একজন শীর্ষ নেতার এমন আকস্মিক পদত্যাগ দলটির রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
এমবি এইচআর

