খালেদা জিয়ার নির্বাচনী তিন আসনে প্রস্তুত বিকল্প প্রার্থী

বগুড়া-৭ (গাবতলী) আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Dec 29, 2025 - 12:21
 0  3
খালেদা জিয়ার নির্বাচনী তিন আসনে প্রস্তুত বিকল্প প্রার্থী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করার কথা রয়েছে, সেগুলোতে সব কটিতেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা আজ জমা দেওয়ার কথা রয়েছে।

নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। মাঠপর্যায়ের জরিপ, দলের ভেতরের অসন্তোষ এবং রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করতে এসব পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে সংকটময় সময় পার করছেন। এই প্রেক্ষাপটে তাঁর তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে দলীয় দায়িত্বশীল সূত্র।

ফেনী-১ (ফুলগাজী–পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়ার পক্ষে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (মজনু)। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন।

বগুড়া-৭ (গাবতলী) আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা জানিয়েছেন, দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনা পেলে তাঁরা নিজেদের মনোনয়নপত্র জমা দেবেন।

এদিকে বিএনপি অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্রদের জন্য ১৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তবে নতুন করে যেসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন বা পরিবর্তন আনা হয়েছে, তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সোমবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।

সর্বশেষ তথ্যে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা-১২ আসনটি যুগপৎ আন্দোলনের মিত্র দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ‘কোদাল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, নড়াইল ও মাদারীপুরসহ বিভিন্ন আসনেও প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী কৌশল ও জয়ের সম্ভাবনা বাড়াতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার জানামতে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। বিভিন্ন কারণে প্রতিদিন একজন-দুজন করে মনোনয়ন দেওয়ায় আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ঘোষণা করা যায়নি।’ তিনি আরও বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগমুহূর্তেও প্রার্থী পরিবর্তন নতুন কিছু নয়; এটি সব নির্বাচনের ক্ষেত্রেই হয়ে থাকে।

এমবি এইচআর