নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেওয়ার অঙ্গীকার বিএনপি মহাসচিবের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ–তিতিক্ষা ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে।

Dec 29, 2025 - 13:27
 0  2
নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেওয়ার অঙ্গীকার বিএনপি মহাসচিবের
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ–তিতিক্ষা ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তিনি ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

আজ সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। একই সঙ্গে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি, জনগণের সেবায় কাজ করার আরেকটি সুযোগ পাওয়ার জন্য।”

ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “যদি জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হতে পারি, তাহলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর দিকে আমরা গুরুত্ব দেব। বিশেষ করে মানুষের কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। পাশাপাশি কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে—আগে যেভাবে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেইভাবে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি, যেন তিনি আমাদের সঠিকভাবে কাজ করার তৌফিক দেন।”

এমবি এইচআর