এনসিপিতে সংকট: অভ্যুত্থানের নারী মুখদের ক্ষোভ ও বিদায়

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর অভ্যন্তরীণ সংকটে পড়েছে।

Dec 29, 2025 - 15:29
 0  3
এনসিপিতে সংকট: অভ্যুত্থানের নারী মুখদের ক্ষোভ ও বিদায়
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর অভ্যন্তরীণ সংকটে পড়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটির একাধিক শীর্ষ নারী নেত্রীর ক্ষোভ, পদত্যাগ ও নিষ্ক্রিয়তার ঘোষণায় নতুন রাজনৈতিক দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে ইতিমধ্যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর পর দল থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্বাচনকালীন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া জামায়াতের সঙ্গে আসন সমঝোতাকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।

দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে এই ছয় নারী নেত্রী জামায়াত-এনসিপি প্রায় চূড়ান্ত আসন সমঝোতার বিষয়ে তীব্র আপত্তি জানান। বৈঠকে তারা বিএনপির সঙ্গে জোট বা এককভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেন এবং জামায়াতের সঙ্গে জোট হলে একযোগে পদত্যাগের হুমকিও দেন।

গত শনিবার নাহিদ ইসলামকে চিঠি দিয়ে এনসিপির ৩০ নেতা জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানান। চিঠিতে বলা হয়, জামায়াতের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা ও নারী বিষয়ে অবস্থান এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি অভিযোগ করা হয়, জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এনসিপির নারী নেত্রীদের বিরুদ্ধে অনলাইনে চরিত্রহননের চেষ্টা করা হয়েছে।

এনসিপির কয়েকজন নেতা জানান, নারী নেত্রীদের আশঙ্কা—জামায়াতের সঙ্গে জোট হলে ভবিষ্যতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও সংকুচিত হবে। এই প্রেক্ষাপটেই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে জামায়াতসহ আট দলের সঙ্গে আসন সমঝোতার ঘোষণা দেন।

পদত্যাগ করে ভোটে নামছেন তাসনিম জারা
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। পরে জানা যায়, তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন।

তাজনূভা জাবীনের বিদায়
যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন রোববার সকালে ফেসবুকে দীর্ঘ পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, রাজনীতি ছাড়ছেন না, তবে নির্বাচনে অংশ নেবেন না।

মনিরা ও নুসরাতের ভিন্ন অবস্থান
যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দল ছাড়েননি। তাঁর মতে, মধ্যপন্থি দল হিসেবে আত্মপ্রকাশ করে এমন জোট সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার শামিল।
অন্যদিকে নুসরাত তাবাসসুম জামায়াতসহ ১০-দলীয় জোটে অংশগ্রহণকে দলের মূল বক্তব্য থেকে বিচ্যুতি বলে মন্তব্য করে নির্বাচনকালীন সব দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দেন।

সামান্থার কড়া আপত্তি
দল না ছাড়লেও সামান্থা শারমিন স্পষ্টভাবে বলেছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সহযোগিতা এনসিপিকে কঠিন মূল্য দিতে বাধ্য করবে। তাঁর ভাষায়, “কিছু আসনের বিনিময়ে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হওয়া হয়েছে।”

বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান ও এনসিপি গঠনে নারী নেতৃত্বের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আলী রেজা বলেন, নারী নেত্রীদের এই দূরে সরে যাওয়া নবীন দলটির জন্য বড় হোঁচট।

এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলীয় সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে হয়েছে। যারা আপত্তি করছেন, তাঁদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করা হবে এবং আশা করা হচ্ছে তারা দলের সঙ্গে থাকবেন।

এমবি এইচআর