আল্লাহর কি পরিকল্পনা, ধানের শীষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

Dec 29, 2025 - 16:04
 0  2
আল্লাহর কি পরিকল্পনা, ধানের শীষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা—২০২৬ সালে এসে আমাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্রভাবে লড়াই করতে হচ্ছে। আল্লাহ কী পরিকল্পনা রাখেন, সেটাই এখন দেখার বিষয়।”

দলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। তাদের ব্যস্ততা অনেক বেশি। ৩০০ আসনের প্রার্থী, জোটগত আলোচনা—সব মিলিয়ে তারা এখন অত্যন্ত কর্মব্যস্ত। আমিও আমার মতো ব্যস্ত। আমাকে মানুষের প্রার্থী হিসেবে জনগণের সমর্থন নিয়ে জিতে আসতে হবে।

মনোনয়ন দাখিলের সময় তার সঙ্গে বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির অন্তত অর্ধডজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র জন্য ছেড়ে দিয়েছে। ওই আসনে বিএনপির সমর্থনে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এমবি এইচআর