স্বদেশ প্রত্যাবর্তনের পর স্থায়ী কমিটির সঙ্গে প্রথম সরাসরি বৈঠকে তারেক রহমান
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। তাঁদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়ার জানাজা, দাফন ও রাষ্ট্রীয় শোক পালনসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এমবি এইচআর

