ঢাকা-৯: আপিল মঞ্জুর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে ফিরলেন তাসনিম জারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল মঞ্জুর করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শুনানি শেষে নির্বাচন কমিশন ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধায় থাকলেন না।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে মনোনয়ন বাতিল হওয়ায় গত সোমবার (৫ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ ও শুনানি কার্যক্রম শুরু হয়েছে। আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হচ্ছে। একই সঙ্গে নির্ধারিত তারিখে অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।
এমবি এইচআর