জুলাইয়ের ঐক্য শক্তিশালী করতে বিএনপিতে যোগদান; স্নিগ্ধের ফেসবুক পোস্ট
মেঘনাবার্তা প্রতিনিধি: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই।
স্নিগ্ধ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
তার ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে তরুণদের মাধ্যমে দেশের উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করে আসছেন। এখন তিনি জুলাই আন্দোলনের মূল্যবোধ, শহীদ ও আহতদের প্রতিনিধিত্ব এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনীতিতে যোগ দিয়েছেন।
স্নিগ্ধ বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে কাজ করার আগ্রহই তাকে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেন, বিএনপির সঙ্গে যুক্ত হয়ে তিনি জুলাই আন্দোলনের ঐক্যকে শক্তিশালী করতে, তরুণদের প্রতিনিধিত্ব করতে এবং নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখতে চান।
তিনি সবাইকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, সকলের সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
– এমবি/এসআর

