ক্লাউডফ্লেয়ার ডাউন : বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

Nov 18, 2025 - 19:05
 0  4
ক্লাউডফ্লেয়ার ডাউন : বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

মেঘনাবার্তা প্রযুক্তি ডেস্ক:
বিশ্বজুড়ে জনপ্রিয় অসংখ্য ওয়েবসাইট হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এই প্রযুক্তিগত বিপর্যয়ের মূল কারণ ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে দেখা দেওয়া বড় ধরনের ত্রুটি— এমনটাই নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

এক্স (টুইটার), চলচ্চিত্র রিভিউ সাইট লেটারবক্সডসহ বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা দেখতে পান— “ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।” একই ধরনের সমস্যায় দেশের অনেক ওয়েবসাইটও অচল হয়ে যায়।

সাইবার নিরাপত্তা ও ওয়েব অবকাঠামো ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার এক বিবৃতিতে জানায়—
“আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা অসংখ্য গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে, এবং তথ্য পেলেই আপডেট দেওয়া হবে।”

ইন্টারনেটের বিশাল ট্রাফিক সামলানো, সাইবার হামলা প্রতিরোধ এবং সার্ভার লোড বণ্টন— এসব গুরুত্বপূর্ণ কাজ করে ক্লাউডফ্লেয়ার। তাই তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও শত শত ওয়েবসাইটে বড় প্রভাব ফেলতে পারে।

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর-ও কিছুক্ষণ অচল হয়ে পড়ে। পরে সাইটটি সচল হওয়ার পর দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট ডাউন রিপোর্টের সংখ্যা হু-হু করে বেড়ে গেছে।

বেশিরভাগ ব্যবহারকারী দেখতে পান বার্তা—
“ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি। কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন।”

বিশ্বের ঠিক কতগুলো ওয়েবসাইট এই সমস্যার কারণে অচল হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউডফ্লেয়ারের মতো অবকাঠামো-নির্ভর কোম্পানির ত্রুটি ইন্টারনেট ব্যবস্থাকে ব্যাপকভাবে নাড়া দিতে পারে।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমবি/এসআর