সরকার নয়, নির্বাচনী পরিবেশ তৈরি করেছে বিএনপি : জিল্লুর
রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, সরকার বা নির্বাচন কমিশন যেখানে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন ঘোষণা করে কার্যত সেই নির্বাচনী আবহটি তৈরি করতে সক্ষম হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, সরকার বা নির্বাচন কমিশন যেখানে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন ঘোষণা করে কার্যত সেই নির্বাচনী আবহটি তৈরি করতে সক্ষম হয়েছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার ও ইসি নির্বাচনী প্রস্তুতির নামে আনুষ্ঠানিকতা চালালেও জনগণের মধ্যে ভোটের উৎসবমুখরতা তৈরি করতে পারেনি। কিন্তু বিএনপি তাদের প্রার্থীদের তালিকা প্রকাশের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জিল্লুর রহমান বলেন, নির্বাচনকে বানচাল করার বা না করার নানা ষড়যন্ত্র হতে পারে। এমন অনেক ঘটনা ঘটতে পারে যেগুলো কখনো জামায়াত, কখনো আওয়ামী লীগের কাজ মনে হতে পারে—কিন্তু প্রকৃতপক্ষে কে কী করছে, তা বোঝা খুবই কঠিন হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে তার সন্দেহ আছে। সরকার কাঙ্ক্ষিত একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারবে বলে মনে হয় না। দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে, যেখানে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে জিল্লুর রহমান বলেন, মনোনয়ন ঘোষণার পরেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশিত মাত্রার বিভক্তি বা ক্ষোভ দেখা যায়নি, যা দলের জন্য একটি ইতিবাচক দিক। এটি তারেক রহমানের নেতৃত্বের একটি বড় অর্জন বলে তিনি মনে করেন।
তিনি আরও যোগ করেন, গত ১৬–১৭ বছর ধরে সরকারের বিভিন্ন মহল ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করা হলেও, সেই প্রচেষ্টা সফল হয়নি। দলটি এখনও সংগঠিত এবং নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয় রয়েছে।
এমবি এইচআর

