পদত্যাগ করেছেন খালেদ মাসুদ পাইলট
মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
রবিবার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
চিঠিতে পাইলট লেখেন,“ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি।”
তিনি আরও উল্লেখ করেন,“অতএব, আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।”
সম্প্রতি কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন খালেদ মাসুদ পাইলট। এর পরই ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন তিনি।
কোয়াবের দায়িত্ব ছাড়ার মধ্য দিয়ে পাইলট ক্রিকেট প্রশাসনের মূলধারায় এখন আরও সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দিয়ে তিনি বিসিবির কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।
এমবি/এসআর

