বিপিএলে থাকছেনা ফরচুন বরিশাল

Oct 28, 2025 - 12:08
 0  3
বিপিএলে থাকছেনা ফরচুন বরিশাল

মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠান। কুমিল্লা ফাইটার্স নামে কাগজপত্র জমা দিয়েছে এসএস গ্রুপ, আর ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করেছে রিমার্ক হারল্যান।

তবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী এক প্রতিষ্ঠান দুই কোটি টাকার পে-অর্ডার না দেওয়ায় তাদের আবেদন বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত নতুন করে আবেদন জমা দেওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, বিপিএলের অন্যতম সফল দল ফরচুন বরিশাল এবারের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, সময় সংকট ও প্রস্তুতির ঘাটতির কারণে এ মুহূর্তে বিপিএলে থাকা সম্ভব নয় তাদের জন্য।

তিনি বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও, অর্থসংস্থান, সরঞ্জাম কেনা, খেলোয়াড় আনা—সব কিছু করতে সময় লাগবে। এই এক-দেড় মাসে ২৪ ঘণ্টা কাজ করলেও প্রস্তুতি সম্পূর্ণ করা সম্ভব নয়।’

বরিশাল কর্তৃপক্ষ বিপিএল গভর্নিং কাউন্সিলকে টুর্নামেন্টের সময়সূচি পেছানোর অনুরোধ জানিয়েছিল, কিন্তু তা সম্ভব না হওয়ায় তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

এমবি/এসআর