আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ ২২ দেশের ২০২৬ ফুটবল বিশ্বকাপ জার্সি উন্মোচন
মেঘনাবার্তা প্রতিনিধি: আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এই আন্তর্জাতিক আসরকে সামনে রেখে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ ২২ দেশের জার্সি। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে, তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে।
আ্যডিডাস প্রতিটি জার্সিতে স্ব স্ব দেশের ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ ফুটিয়ে তুলেছে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা রাখা হয়েছে। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ এবং ত্রি-রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। এছাড়া আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়কে স্মরণ করা হয়েছে।

জার্সি আরামদায়ক করার জন্য এতে পরবর্তী প্রজন্মের ক্লাইমাকুল+ উপাদান ব্যবহার করা হয়েছে, যা খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা দেয়। এছাড়া জার্সিতে রয়েছে লেন্টিকুলার ক্রেস্ট বা লুকানো লেখনী, যা একটি অনন্য অনুসন্ধানের অনুভূতি যোগ করেছে।

উন্মোচিত জার্সিগুলোর মধ্যে ছয়টি দেশের দল ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এছাড়া জার্মানি, স্পেনের মতো দলও বিশ্বকাপে খেলার নিশ্চয়তা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে। আগামী বছরের ১১ জুন থেকে ৪৮ দলের অংশগ্রহণে শুরু হবে ফিফা বিশ্বকাপ।
– এমবি/এসআর

