দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, তিনি আবারও তিন ফরম্যাটেই খেলতে চান এবং দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।

Dec 8, 2025 - 11:42
 0  3
দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, তিনি আবারও তিন ফরম্যাটেই খেলতে চান এবং দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান। দীর্ঘ এক বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকা সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নেওয়া পূর্বঘোষিত অবসরও প্রত্যাহারের কথা জানান।

ইংলিশ ক্রিকেটার মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে এখন কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি। বাংলাদেশে ফিরে একটি পূর্ণ সিরিজ—ওডিআই, টেস্ট, টি-টোয়েন্টি—খেলে তারপর অবসর নিতে চাই।’
তিনি আরও জানান, কোন ফরম্যাট দিয়ে বিদায় নেবেন, তা গুরুত্বপূর্ণ নয়। টি-টোয়েন্টি হোক বা টেস্ট—শেষবার মাঠে নামার আগে তিনি শুধু দেশের সমর্থকদের সামনে খেলতে চান।

সাকিব বলেন, ‘ভালো খেললাম কি না সেটা মুখ্য নয়। ভক্তদের সামনে একটি হোম সিরিজ খেলেই বিদায় জানাতে চাই।’

২০২৪ সালের মে মাসের পর থেকে সাকিব বাংলাদেশে ফেরেননি। সর্বশেষ তিনি পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। ভারতের কানপুরে হওয়া টেস্টটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আশাবাদী। তাই তো লিগ খেলছি। মনে হয় এটা সম্ভব হবে।’
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের পর রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিতও দেন মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। তার ভাষায়, ‘ক্রিকেটের কাজটা করেছি। এখন হয়তো রাজনৈতিক দিকটা বাকি। মানুষের জন্য কিছু করতে চাই।’

এমবি এইচআর