৩৬ বলে সেঞ্চুরি, ৫৯ বলে দেড় শ’: সূর্যবংশীর অবিশ্বাস্য ইনিংস

বিজয় হাজারে ট্রফির প্রথম দিনটি আলোচনায় থাকার কথা ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে। দীর্ঘ বিরতির পর ভারতের ঘরোয়া ৫০ ওভারের এই টুর্নামেন্টে ফিরেছেন দুজনই—কোহলি ১৬ বছর পর, রোহিত ৭ বছর পর।

Dec 24, 2025 - 12:07
 0  3
৩৬ বলে সেঞ্চুরি, ৫৯ বলে দেড় শ’: সূর্যবংশীর অবিশ্বাস্য ইনিংস
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিজয় হাজারে ট্রফির প্রথম দিনটি আলোচনায় থাকার কথা ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে। দীর্ঘ বিরতির পর ভারতের ঘরোয়া ৫০ ওভারের এই টুর্নামেন্টে ফিরেছেন দুজনই—কোহলি ১৬ বছর পর, রোহিত ৭ বছর পর। তবে প্রথম দিনের সব আলো নিজের করে নিলেন মাত্র ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

রাঁচিতে বিজয় হাজারে ট্রফির প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার সূর্যবংশী। এর মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ড গড়েন তিনি। ১৪ বছর ২৭২ দিনে সেঞ্চুরি করে ভেঙে দেন পাকিস্তানের জহুর এলাহির ১৯৮৬ সালের রেকর্ড, যিনি ১৫ বছর ২০৯ দিনে সেঞ্চুরি করেছিলেন।

এটি সূর্যবংশীর ক্যারিয়ারের সপ্তম লিস্ট ‘এ’ ম্যাচ এবং টি-টোয়েন্টির বাইরে তার প্রথম সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরির তালিকায় এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ দ্রুততম। বিজয় হাজারে ট্রফিতে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি—গত বছর আনমোলপ্রীত সিং ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের, যিনি ২০২৩ সালে ২৯ বলে সেঞ্চুরি করেন।

তবে এখানেই থামেননি সূর্যবংশী। তিনি মাত্র ৫৯ বলে ১৫০ রান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড় শ’ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েন। ভেঙে দেন ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ রানের রেকর্ড।

শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন সূর্যবংশী। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা। অরুণাচলের অফ স্পিনার তেচি নেরির বলে আউট হন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিহার ২৬ ওভারে ২ উইকেটে ২৬১ রান তুলেছে।

এমবি এইচআর