নামাজে মগ্ন দোকানদার, পেছন থেকেই ৬০ হাজার টাকা চুরি

ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক দোকানদারের ওষুধের দোকান থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যায় ওই ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে এবং ভিডিওটি দোকানদার আবু বকর নিজেই তাঁর ফেসবুকে শেয়ার করে চোর শনাক্তে সহযোগিতা চান।

Nov 10, 2025 - 14:48
 0  4
নামাজে মগ্ন দোকানদার, পেছন থেকেই ৬০ হাজার টাকা চুরি
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক দোকানদারের ওষুধের দোকান থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যায় ওই ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে এবং ভিডিওটি দোকানদার আবু বকর নিজেই তাঁর ফেসবুকে শেয়ার করে চোর শনাক্তে সহযোগিতা চান।

ভিডিওতে দেখা যায়, দোকানে একা অবস্থায় দোকানদার নামাজে মগ্ন। বাইরে লোকজন চলাচল করছে, কিন্তু ভেতরে আর কেউ নেই। এমন সময় কালো ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে কয়েক দফা পায়চারি করেন। তিনি প্রথমে ভেতরে উঁকি দিয়ে টাকা কোথায় রাখা আছে তা লক্ষ্য করেন, তারপর সিসিটিভি ক্যামেরার অবস্থান পর্যবেক্ষণ করেন। কিছুক্ষণ পর দোকানদার সেজদায় গেলে যুবকটি দ্রুত ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে বেরিয়ে যায়।

ভিডিও শেয়ার হওয়ার পর মন্তব্যে এক ব্যক্তি দাবি করেন, ওই যুবকের নাম শুভ এবং তাঁর বড় ভাইয়ের নাম আক্তার। তাঁদের খোঁজ পাওয়া যেতে পারে নিকটস্থ কাজী দরগাহ মসজিদের পাশে ইনকিলাবের দোকানে।

দোকানদার আবু বকর জানান, “ঘটনাটি ৯ নভেম্বর মাগরিবের সময় ঘটে। আসরের সময় আমার বোন আমাকে ৬০ হাজার টাকা দিয়েছিল—সেটাই চুরি হয়েছে। বোনের টাকাই ছিল।” ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পুলিশে সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আবু বকর। চোর ধরতে সিসিটিভির ফুটেজ স্থানীয়ভাবেও ছড়িয়ে দেওয়া হয়েছে।

এমবি এইচআর