এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি

মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

Dec 15, 2025 - 14:41
 0  2
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

এর আগে বেলা দেড়টার কিছু আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

চিকিৎসার জন্য বিশেষভাবে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তার সঙ্গে যাচ্ছেন পরিবারের সদস্যরা। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির সঙ্গে তার দুই বড় ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক—সিঙ্গাপুরে যাচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে উদ্বেগ তৈরি হয়।

ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফয়সাল করিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

এমবি এইচআর