খুনিদের গ্রেপ্তারের দাবিতে আবার শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের
আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর সংগঠনটির নেতাকর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতারা।
এর আগে, শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সারারাত সেখানেই কাটান।
শনিবার সকালে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল সাড়ে আটটার দিকে সাময়িকভাবে শাহবাগ মঞ্চ থেকে সরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তখন তারা জানিয়েছিলেন, তারেক রহমান কবর জিয়ারত শেষে ফিরে গেলে আবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার কর’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি গত বছরের আগস্টে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে ইনকিলাব মঞ্চ গঠন করেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।
এমবি এইচআর