গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭, যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘন
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনরায় ভঙ্গ করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি পক্ষ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনরায় ভঙ্গ করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি পক্ষ।
বুধবার দক্ষিণ রাফাহ এলাকায় ইসরায়েলি বাহিনী দাবি করে, হামাস যোদ্ধারা মিশর সীমান্তের কাছে তাদের চার সৈন্যকে আক্রমণ ও আহত করেছে। এরপরই হামলা শুরু হয়।
মেডিক্যাল সূত্র জানায়, গাজা সিটির উত্তরের জেইতুন এলাকায় গুলি করে দুইজনকে হত্যার পাশাপাশি দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি ক্যাম্পে আক্রমণে পাঁচজন নিহত হন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বোমাবর্ষণে কয়েকটি তাবুতে আগুন ধরে যায় এবং সেগুলো পুড়ে যায়। নিহতদের মধ্যে দুই শিশুর বয়স ছিল আট ও দশ বছর।
এ ঘটনায় মোট ৩২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আহতদের বেশ কয়েকজন মারাত্মক দগ্ধ হয়েছেন। হামাস এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দাবি করেছে।
গাজার কর্তৃপক্ষ বলছে, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি এখন পর্যন্ত অন্তত ৫৯১ বার লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব ঘটনায় কমপক্ষে ৩৬০ ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছেন।
এমবি এইচআর

