ইভিএম বাতিল, ফিরল ‘না ভোট’ — আরপিও সংশোধনে বড় পরিবর্তন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ২০২৫ সালের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

Oct 23, 2025 - 19:32
 0  2
ইভিএম বাতিল, ফিরল ‘না ভোট’ — আরপিও সংশোধনে বড় পরিবর্তন
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ২০২৫ সালের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সংশোধিত এই আরপিওতে আনা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন— যার মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি সম্পদ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধকরণ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদন পায়। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, “আরপিওতে সবচেয়ে বড় পরিবর্তন হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান সম্পূর্ণভাবে বাতিল করা।” একইসঙ্গে ভোটারদের মতামতের স্বাধীনতা নিশ্চিত করতে ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান।

তিনি আরও বলেন, “২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে এই বিধান আনা হয়েছে। যদি কোনো আসনে কেবল একজন প্রার্থী থাকেন এবং অধিকাংশ ভোটার ‘না ভোট’ দেন, তাহলে সেই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

এমবি এইচআর