কোটি কোটি ডলার ক্ষতির অভিযোগে আন্তর্জাতিক সালিসির আবেদন দাখিল এস আলমের
মেঘনাবার্তা প্রতিনিধি: এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবার সোমবার (২৮ অক্টোবর) ওয়াশিংটনের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্রে সালিসির আবেদন দাখিল করেছেন। অভিযোগে তারা উল্লেখ করেছেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সম্পদ “যথেচ্ছ জব্দ, বাজেয়াপ্ত ও মূল্য ধ্বংসের লক্ষ্যে” কার্যক্রম পরিচালনা করেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি বাংলাদেশের অর্থনীতি ও পাচারকৃত কোটি কোটি ডলার পুনরুদ্ধারের প্রক্রিয়ায় একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর অভিযোগ করেছেন, এস আলম পরিবার দেশের ব্যাংকিং সেক্টর থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে, যা তারা ফিরিয়ে দিচ্ছেন না। তবে এস আলম এই অভিযোগ অস্বীকার করেছেন।
সালিসি আবেদনে পরিবারটি জানিয়েছে, তাদের ব্যাংক হিসাব ও ব্যবসায়িক লেনদেন নিয়ে “মিথ্যা” তদন্ত চলছে এবং মিডিয়ায় তাদের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা করা হচ্ছে। এতে “কয়েকশ মিলিয়ন ডলার” ক্ষতির দাবি করা হয়েছে, যদিও ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।
মামলাটি ২০০৪ সালের বাংলাদেশ–সিঙ্গাপুর দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির অধীনে দাখিল করা হয়েছে। সাইফুল আলম এবং তার পরিবার সিঙ্গাপুরের নাগরিক এবং ২০১১ সাল থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। ২০২০ সালে তারা বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন।
আইএমএফের সাবেক কর্মকর্তা আহসান মনসুর আরও জানিয়েছিলেন, ব্যাংক দখল ও ঋণ ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচারের প্রমাণ তাদের কাছে রয়েছে। তবে সালিসিতে এস আলম পরিবার দাবি করেছে, সরকারের পক্ষ থেকে যথাযথ প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এমবি/এসআর

