নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু দেশের মানুষের আকাঙ্ক্ষাই নয়, বরং দেশের ভবিষ্যৎও এর ওপর নির্ভর করছে।

Nov 10, 2025 - 14:54
 0  2
নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু দেশের মানুষের আকাঙ্ক্ষাই নয়, বরং দেশের ভবিষ্যৎও এর ওপর নির্ভর করছে। অতীতে নির্বাচনকে ঘিরে বহু কলঙ্কের জন্ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সেই কলঙ্ক মুছতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) সম্মেলন কক্ষে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, একক প্রচেষ্টায় ভালো নির্বাচন সম্ভব নয়, এজন্য পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার চাপ বা প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলেই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এমবি এইচআর