শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে: মীর স্নিগ্ধ

Nov 17, 2025 - 11:17
 0  2
শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে: মীর স্নিগ্ধ

মেঘনাবার্তা প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তার জন্য হাজার বার মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা যথেষ্ট নয়। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ আগস্টেই শেখ হাসিনার অন্যায় ও অপরাধের বিচার ইতিহাসে সম্পন্ন হয়েছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষা। তার ভাষায়, গুম-খুনের শিকার পরিবারগুলো এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মানুষ যে ন্যায়বিচারের আশায় ছিলেন, সেই প্রত্যাশা একটাই—শেখ হাসিনার ফাঁসি কার্যকর হোক।

এদিকে, জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি থেকে পরে রাষ্ট্রের সাক্ষী হিসেবে যুক্ত হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। প্রিজনভ্যানে কড়া নিরাপত্তায় তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও টহলে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

এমবি/এসআর