মাইনাস ফোর নিয়ে দুষ্টচক্রের অপপ্রচার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ভিত্তিহীন অপপ্রচার। বেগম খালেদা জিয়া দেশের জাতীয় নেত্রী—তাকে কোনো দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না।

Dec 5, 2025 - 16:03
 0  2
মাইনাস ফোর নিয়ে দুষ্টচক্রের অপপ্রচার: প্রেস সচিব
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ভিত্তিহীন অপপ্রচার। বেগম খালেদা জিয়া দেশের জাতীয় নেত্রী—তাকে কোনো দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না। যারা মাইনাস ফোর নিয়ে কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এখানে কোনো মাইনাস ফোর নেই। আমরা কাউকে মাইনাস করিনি; যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে নিজেরাই মাইনাস হয়েছে।”

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, যারা ‘ব্যান্ড’ হয়েছে তারা ছাড়া বাকি সব দলই নির্বাচনে অংশ নিতে পারবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি—তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে। তবে তিনি বলেন, “জাপা স্বৈরাচারের বড় দোসর ছিল। তাদের সহযোগিতায় আওয়ামী লীগ বহু অপকর্ম করে পার পেয়েছে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে—শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। সরকারের প্রতি তিনি তাদের দণ্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “যাদের হাতে রক্ত আছে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনবো—এটি শহীদের প্রতি আমাদের দায়। হাতে ৭০ দিনের মতো সময় আছে, এর মধ্যেই চেষ্টা করব। ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।

এমবি এইচআর