রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলার যৌথ তহবিল ঘোষণা দিল যুক্তরাজ্য ও কাতার
রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা জোরদারে ১১.২ মিলিয়ন ডলারের যৌথ তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। রোববার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা জোরদারে ১১.২ মিলিয়ন ডলারের যৌথ তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। রোববার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের বার্তায় বলা হয়, কাতারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মানবিক সহায়তা আরও শক্তিশালী করতে পেরে যুক্তরাজ্য সন্তোষ প্রকাশ করেছে। কক্সবাজারে বসবাসরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই তহবিল ব্যয় হবে।
ঘোষিত যৌথ অর্থায়ন বিশেষভাবে ঝুঁকিপূর্ণ শরণার্থী পরিবারগুলোর মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ব্যবহৃত হবে। এলপিজি বিতরণে পরিবেশগত চাপ কমবে, জ্বালানি সংগ্রহে ঝুঁকি হ্রাস পাবে এবং শরণার্থী শিবিরের সামগ্রিক স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে জানায় ব্রিটিশ হাইকমিশন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, রোহিঙ্গা শিবিরের টেকসই ও নিরাপদ সম্প্রদায় গড়ে তুলতে যুক্তরাজ্য ও কাতার একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এমবি এইচআর

