বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করার সম্ভাবনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব রহমানেল মাসউদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব রহমানেল মাসউদ।
মঙ্গলবার তিনি গণমাধ্যমকে জানান, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ সম্প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করবে কমিশন।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ইসির প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে সিইসির ভাষণ রেকর্ড করা হবে।
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।
কমিশন সূত্র জানায়, রেকর্ডকৃত ভাষণ বুধবার বা বৃহস্পতিবার প্রচার করেই তফসিল ঘোষণা করা হবে। অতীতেও সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির রয়েছে—এবারও তেমনটি হওয়ার সম্ভাবনাই বেশি।
সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে এবং ১০ ডিসেম্বর নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। তবে রেকর্ডের নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। সূত্র আরও জানায়, রেকর্ডিং শেষে তাৎক্ষণিক প্রচারের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এমবি এইচআর

