বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ, হাইকমিশনার তলবের ব্যাখ্যা

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলবের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতেই তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

Dec 17, 2025 - 17:28
 0  2
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ, হাইকমিশনার তলবের ব্যাখ্যা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলবের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতেই তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দেওয়া “কিছু চরমপন্থী গোষ্ঠীর” কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে “চরমপন্থী মহল” যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। তবে দুঃখ প্রকাশ করে বলা হয়, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং ভারতের সঙ্গে অর্থবহ তথ্যপ্রমাণও বিনিময় করা হয়নি।

ভারত তার বিবৃতিতে উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ, যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সংগ্রামে গড়ে উঠেছে। পরবর্তী সময়ে উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে—এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা করছে নয়াদিল্লি।

এর আগে বুধবার দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। উল্লেখ্য, ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার চার দিন পরই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

এমবি এইচআর