নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় যে তারা একটি সঠিক, সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম। নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চায় কমিশন।

Dec 23, 2025 - 11:20
 0  4
নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই : সিইসি
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় যে তারা একটি সঠিক, সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম। নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চায় কমিশন। তিনি বলেন, আইনের শাসনের কঠোর ও সমান প্রয়োগের মাধ্যমেই এটি সম্ভব।

মঙ্গলবার সকালে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাসির উদ্দীন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমান—আইন হবে অন্ধ। ‘ল’ (Law) কাউকে ছাড় দেবে না। তিনি বলেন, কর্মকর্তাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবাই দায়ী থাকবে।

বিগত নির্বাচন নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, সামষ্টিকভাবে নির্বাচন ব্যবস্থার ওপর নানা অভিযোগ তোলা হচ্ছে। বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে কিংবা নির্বাচন ম্যানেজড করা হয়েছে। এসব অপবাদ থেকে মুক্ত হতে চায় নির্বাচন কমিশন। মাঠ পর্যায়ে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, সরকার ও সিস্টেম সচল রাখার মূল দায়িত্ব তাদের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জোগাতে গিয়ে সিইসি বলেন, আপনারা বুক ফুলিয়ে সাহস দেখালে আমিও সাহসী হব। আপনাদের অঙ্গীকার আমাকে শক্তি দেয়। আপনারা যখনই আইনের শাসন প্রতিষ্ঠায় সাহসী পদক্ষেপ নেবেন এবং বিধি-বিধান মেনে কাজ করবেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন সবসময় আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, কাউকে খুশি করার প্রয়োজন নেই। অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করতে হবে। নির্বাচন ব্যবস্থাটি যেন সঠিকভাবে কাজ করে, সেই দায়িত্ব মাঠ প্রশাসনের কর্মকর্তাদেরই নিতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজর রাখার নির্দেশ দেন সিইসি।

এমবি এইচআর