আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি বলেন, ‘আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই।

Dec 23, 2025 - 14:40
 0  3
আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি বলেন, ‘আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। “ল” সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব।’

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

বিগত নির্বাচনগুলো নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে নাসির উদ্দিন বলেন, ‘সামষ্টিকভাবে আমাদের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বা ম্যানেজড ইলেকশন করছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। মাঠ পর্যায়ে আপনারা যারা সরকারকে সচল রাখেন, সিস্টেমটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের।’

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জুগিয়ে তিনি বলেন, ‘আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও তখন সাহসী হব। আপনাদের অঙ্গীকার আমাকে সাহসী করে তোলে। আপনারা যখনই আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন—ইনশা-আল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।’

সিইসি আরও বলেন, ‘আমাকে খুশি করার দরকার নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। সিস্টেম যাতে ঠিকমতো ডেলিভারি দিতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।’

সভায় ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি), আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা এবং ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সিইসি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমবি এইচআর