খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

Dec 31, 2025 - 16:17
 0  3
খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই দলে দলে মানুষ জানাজাস্থলে আসতে শুরু করে। যত দূর চোখ যায়—শুধুই মানুষ আর মানুষ। কোথাও তিল ধারণেরও ঠাঁই ছিল না।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এদিন মেট্রোরেলে রেকর্ডসংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্টেশনে যাত্রীচাপ ছিল স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি।

দুপুর ১টার দিকে রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, খামারবাড়ি, খেজুরবাগান, ফার্মগেট, কারওয়ান বাজার, আড়ং মোড় ও ধানমণ্ডি ২৭ এলাকা ঘুরে দেখা গেছে লাখো মানুষের উপস্থিতি। অনেকেই দূর-দূরান্ত থেকে হেঁটে এসে জানাজায় অংশ নেন। মানুষের চোখে-মুখে স্পষ্ট ছিল একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।

টাঙ্গাইল থেকে সন্তানকে নিয়ে জানাজায় আসেন রনি আহমেদ। তিনি জানান, ভোরে টাঙ্গাইল থেকে বাসে রওনা হয়ে শ্যামলী নেমে হেঁটেই জানাজাস্থলে পৌঁছান। কষ্ট হলেও প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে পারাকে তিনি নিজের জন্য বড় প্রাপ্তি বলে মনে করেন।

রাজশাহী থেকে আসা সাগর মিয়া জানান, তরুণ বয়সে একবার খালেদা জিয়ার সঙ্গে তার দেখা হয়েছিল। জানাজায় অংশ নিতে তিনি আগের রাতেই রাজশাহী থেকে ঢাকায় আসেন এবং ফজরের নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হন। তার ভাষায়, জীবনে এত বিশাল মানুষের সমাগম তিনি আর কোনো জানাজায় দেখেননি।

খালেদা জিয়ার জানাজায় মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনসমর্থন ও প্রভাবেরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এমবি এইচআর