জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে তোলার প্রস্তুতি

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে আইন মন্ত্রণালয় একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।

Jan 8, 2026 - 16:50
 0  3
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে তোলার প্রস্তুতি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে আইন মন্ত্রণালয় একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। সেজন্য তাদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছেন, সে বিষয়ে দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ সমসাময়িক বিভিন্ন গণ-অভ্যুত্থানের পর জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছে।

আইন উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের বৈধতা রয়েছে। এছাড়া ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের নজির রয়েছে। এসব আইনগত দৃষ্টান্ত ও সংবিধানের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুত করেছে।

তিনি জানান, ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, “জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

এমবি এইচআর