তোফায়েল আহমেদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Oct 9, 2025 - 14:02
Oct 9, 2025 - 14:04
 0  2
তোফায়েল আহমেদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি: স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি ছিলেন একজন স্বনামধন্য নির্বাচন বিশেষজ্ঞ। নির্বাচন প্রক্রিয়া, ভোটার অধিকার এবং নির্বাচনী সংস্কার নিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার কাজগুলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বিশেষ ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপক ড. তোফায়েল আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন ড. তোফায়েল আহমেদ। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।া

এমবি এইচআর