নিষেধাজ্ঞার কারণ অজানা, সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন মিলন
বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার সময় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার সময় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কথা জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা পাননি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলন বলেন, ব্যাংককে চিকিৎসা শেষে দলের নির্দেশে তিনি দেশে ফিরে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। এরপর পুনরায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সময় ইমিগ্রেশনে তাকে বাধা দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মী এবং ভিন্ন মতাদর্শী নাগরিকদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। তখন বিরোধী দলের নেতাদের বিদেশযাত্রায় বাধা দেওয়াও ছিল রাজনৈতিক নিপীড়নের একটি অংশ।
মিলন বর্তমান সরকারের কাছে জানতে চান, কেন তাকে বিদেশ যেতে দেওয়া হলো না। তিনি আশা প্রকাশ করেন, সরকারের কোনো সংস্থা বা বিভাগ ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়নি এবং দেশের নাগরিকদের সাংবিধানিক ও মানবিক অধিকার সুরক্ষিত থাকবে।
এমবি এইচআর

