‘শাপলা কলি’ প্রতীকে আপত্তি নেই এনসিপির
মেঘনাবার্তা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘শাপলা কলি’ প্রতীক মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা জানিয়েছেন, এ প্রতীকটি নির্বাচন কমিশনের তালিকায় রয়েছে এবং এটি পেলে এনসিপি তাতেই অংশ নেবে।
রোববার বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা প্রতীকের তালিকা থেকে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি—এই তিনটি প্রতীক বেছে আবেদন দিয়েছি। এর মধ্যে শাপলা কলি পেলে সেটিই গ্রহণ করব।’
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়, তবে তালিকায় নতুন যুক্ত হওয়া ‘শাপলা কলি’ ব্যবহার করতে পারবে এনসিপি।
উল্লেখ্য, এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি করে আসছে। আগামী নির্বাচনে দলটি নতুন প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এমবি/এসআর

