ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’র সানজিদা তুলি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাগরিক আন্দোলন ‘মায়ের ডাক’-এর অন্যতম সমন্বয়ক সানজিদা তুলি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাগরিক আন্দোলন ‘মায়ের ডাক’-এর অন্যতম সমন্বয়ক সানজিদা তুলি।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী সংগঠনগুলো প্রার্থী দেবে, বিএনপি সেসব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করবে।”
আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসনে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।
এমবি এইচআর

