মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা
মেঘনাবার্তা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার।
এ বিষয়ে তিনি নিজেই মুখ খুলেছেন এক টেলিভিশন টকশোতে।
রুমিন ফারহানা বলেন, “আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় আছে।”
তার ভাষায়, বিএনপির দীর্ঘদিনের সহযোগী কয়েকটি দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণে ৬৩টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। পাশাপাশি আরও কিছু নতুন দলের সঙ্গেও আলোচনা চলছে।
তিনি বলেন, “দল এখন উইনেবল প্রার্থী খুঁজে দেখছে। যে প্রার্থী নির্বাচনে জিততে সক্ষম—তাকে অগ্রাধিকার দেওয়া হবে।”
দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে বিক্ষোভ করছেন—এ বিষয়ে রুমিন বলেন,
“বড় দলে প্রার্থীর সংখ্যা সব সময়ই বেশি থাকে। অনেক আসনে ১০-১২ জন করে প্রার্থী ছিল। তাই মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। নেতাকর্মীদের আবেগকে সম্মান করা উচিত।”
তিনি আরও জানান, তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন।
রুমিন ফারহানা বলেন, “এই তালিকা এখনো প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে—কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।”
নারী প্রার্থীদের সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, “যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়ায়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।”
এছাড়া তিনি জানান, কিছু আসনে নির্বাচন কমিশনের আইনি জটিলতা রয়েছে। যেমন বাগেরহাট-২ আসনে কমিশন সংক্রান্ত দ্বন্দ্বের কারণে মনোনয়ন স্থগিত রয়েছে।
এমবি/এসআর

