খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি এখন পুরোপুরি নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি এখন পুরোপুরি নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। শুক্রবার ভোরে (৫ ডিসেম্বর) তাঁকে লন্ডন নেওয়ার কথা থাকলেও কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির ত্রুটির কারণে সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি।
শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল বোর্ড রাতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
সূত্র আরো জানায়, জার্মানি থেকে পাঠানো নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার (৭ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে।
লন্ডনে চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় অংশ নিতে গতকাল শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এদিকে শুক্রবার (৫ ডিসেম্বর) অধ্যাপক ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে করা এন্ডোসকপির মাধ্যমে পাকস্থলীর ভেতরের রক্তক্ষরণ সফলভাবে বন্ধ করা গেছে। সম্পূর্ণ প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং বিএনপির নেতারা।
এমবি এইচআর

